রবীন্দ্রনাথ ঠাকুর
তোমারে ডাকিনু যবে কুঞ্জবনে
তখনো আমের বনে গন্ধ ছিল,
জানি না কী লাগি ছিলে অন্যমনে,
তোমার দুয়ার কেন বন্ধ ছিল ৷
একদিন শাখা ভরি এল ফলগুচ্ছ—
ভরা অঞ্জলি মোর করি গেলে তুচ্ছ,
পূর্ণতা-পানে আঁখি অন্ধ ছিল ৷
বৈশাখে অকরুণ দারুণ ঝড়ে
সোনার-বরন ফল খসিয়া পড়ে—
কহিনু, ‘ধুলায় লোটে মোর যত অর্ঘ্য,
তব করতলে যেন পায় তার স্বর্গ ৷’
হায় রে তখনো মনে দ্বন্দ্ব ছিল ৷ ৷
তোমার সন্ধ্যা ছিল প্রদীপহীনা,
আঁধারে দুয়ারে তব বাজানু বীণা ৷
তারার আলোক-সাথে মিলি মোর চিত্ত
ঝংকৃত তারে তারে করেছিল নৃত্য,
তোমার হৃদয় নিস্পন্দ ছিল ৷ ৷
তন্দ্রাবিহীন নীড়ে ব্যাকুল পাখি
হারায়ে কাহারে বৃথা মরিল ডাকি ৷
প্রহর অতীত হল, কেটে গেল লগ্ন
একা ঘরে তুমি ঔদাস্যে নিমগ্ন—
তখনো দিগঞ্চলে চন্দ্র ছিল ৷ ৷
কে বোঝে কাহার মন! অবোধ হিয়া
দিতে চেয়েছিল বাণী নিঃশেষিয়া ৷
আশা ছিল, কিছু বুঝি আছে অতিরিক্ত
অতীতের স্মৃতিখানি অশ্রুতে সিক্ত—
বুঝি-বা নূপুরে কিছু ছন্দ ছিল ৷ ৷
উষার চরণতলে মলিন শশী
রজনীর হার হতে পড়িল খসি ৷
বীণার বিলাপ কিছু দিয়েছে কি সঙ্গ,
নিদ্রার তটতলে তুলেছে তরঙ্গ—
স্বপ্নেও কিছু কি আনন্দ ছিল?
শান্তিনিকেতন
৯ শ্রাবণ ১৩৪১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন