রবীন্দ্রনাথ ঠাকুর
কো তুঁহুঁ বোলবি মোয় ৷
হৃদয়মাহ মঝু জাগসি অনুখন,
আঁখউপর তুঁহুঁ রচলহি আসন—
অরুণ নয়ন তব মরমসঙে মম
নিমিখ ন অন্তর হোয় ৷ ৷
হৃদয়কমল তব চরণে টলমল,
নয়নযুগল মম উছলে ছলছল—
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
চাহে মিলাইতে তোয় ৷ ৷
বাঁশরিধ্বনি তুহ অমিয়গরল রে,
হৃদয় বিদারয়ি হৃদয় হরল রে,
আকুল কাকলি ভুবন ভরল রে—
উতল প্রাণ উতরোয় ৷ ৷
হেরি হাসি তব মধুঋতু ধাওল,
শুনয়ি বাঁশি তব পিককুল গাওল,
বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল—
চরণকমলযুগ ছোঁয় ৷ ৷
গোপবধূজন বিকশিতযৌবন,
পুলকিত যমুনা, মুকুলিত উপবন—
নীলনীর’পরে ধীর সমীরণ
পলকে প্রাণমন খোয় ৷ ৷
তৃষিত আঁখি তব মুখ’পর বিহরই,
মধুর পরশ তব রাধা শিহরই—
প্রেমরতন ভরি হৃদয় প্রাণ লই
পদতলে আপনা থোয় ৷ ৷
কো তুঁহুঁ কো তুঁহুঁ সব জন পুছয়ি
অনুদিন সঘন নয়নজল মুছয়ি—
যাচে ভানু, সব সংশয় ঘুচয়ি
জনম চরণ’পর গোয় ৷ ৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন