রবীন্দ্রনাথ ঠাকুর
দূর হতে ভেবেছিনু মনে—
দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে ৷
তুমি বিভীষিকা,
দুঃখীর বিদীর্ণ বক্ষে জ্বলে তব লেলিহান শিখা ৷
দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ-পানে,
সেথা হতে বজ্র টেনে আনে ৷
ভয়ে ভয়ে এসেছিনু দুরুদুরু বুকে
তোমার সম্মুখে ৷
তোমার ভ্রূকুটিভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত,
নামিল আঘাত ৷
পাঁজর উঠিল কেঁপে,
বক্ষে হাত চেপে
শুধালেম, ‘আরো কিছু আছে নাকি—
আছে বাকি
শেষ বজ্রপাত?’
নামিল আঘাত ৷ ৷
এইমাত্র? আর-কিছু নয়?
ভেঙে গেল ভয় ৷
যখন উদ্যত ছিল তোমার অশনি
তোমারে আমার চেয়ে বড়ো বলে নিয়েছিনু গণি ৷
তোমার আঘাত-সাথে নেমে এলে তুমি
যেথা মোর আপনার ভূমি ৷
ছোটো হয়ে গেছ আজ ৷
আমার টুটিল সব লাজ ৷
যত বড়ো হও,
তুমি তো মৃত্যুর চেয়ে বড়ো নও ৷
‘আমি মৃত্যু-চেয়ে বড়ো’ এই শেষ কথা ব’লে
যাব আমি চলে ৷ ৷
১৭ আষাঢ় ১৩৩৯
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন