রবীন্দ্রনাথ ঠাকুর
হে নিরুপমা,
চপলতা আজ যদি কিছু ঘটে করিয়ো ক্ষমা ৷
এল আষাঢ়ের প্রথম দিবস,
বনরাজি আজি ব্যাকুল বিবশ,
বকুলবীথিকা মুকুলে মত্ত কানন-’পরে ৷
নবকদম্ব মদির গন্ধে আকুল করে ৷ ৷
হে নিরুপমা,
আঁখি যদি আজ করে অপরাধ করিয়ো ক্ষমা ৷
হেরো আকাশের দূর কোণে কোণে
বিজুলি চমকি উঠে খনে খনে,
বাতায়নে তব দ্রুত কৌতুকে মারিছে উঁকি!
বাতাস করিছে দুরন্তপনা ঘরেতে ঢুকি ৷ ৷
হে নিরুপমা,
গানে যদি লাগে বিহ্বল তান করিয়ো ক্ষমা ৷
ঝরঝর ধারা আজি উতরোল,
নদীকূলে-কূলে উঠে কল্লোল,
বনে বনে গাহে মর্মরস্বরে নবীন পাতা ৷
সজল পবন দিশে দিশে তুলে বাদলগাথা ৷ ৷
হে নিরুপমা,
আজিকে আচারে ত্রুটি হতে পারে, করিয়ো ক্ষমা ৷
দিবালোকহারা সংসারে আজ
কোনোখানে কারো নাহি কোনো কাজ—
জনহীন পথ, ধেনুহীন মাঠ যেন সে আঁকা ৷
বর্ষণঘন শীতল আঁধারে জগৎ ঢাকা ৷ ৷
হে নিরুপমা,
চপলতা আজি যদি ঘটে তবে করিয়ো ক্ষমা ৷
তোমার দুখানি কালো আঁখি-’পরে
শ্যাম আষাঢ়ের ছায়াখানি পড়ে,
ঘন কালো তব কুঞ্চিত কেশে যূথীর মালা ৷
তোমারি ললাটে নববরষার বরণডালা ৷ ৷
[ শিলাইদহ:]
১ আষাঢ় [:১৩০৭:]
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন