রবীন্দ্রনাথ ঠাকুর
আরেক দিনের কথা পড়ি গেল মনে ৷
একদা মাঠের ধারে শ্যাম তৃণাসনে
একটি বেদের মেয়ে অপরাবেলা
কবরী বাঁধিতেছিল বসিয়া একেলা ৷
পালিত কুকুরশিশু আসিয়া পিছনে
কেশের চাঞ্চল্য হেরি খেলা ভাবি মনে
লাফায়ে লাফায়ে উচ্চে করিয়া চীৎকার
দংশিতে লাগিল তার বেণী বারম্বার!
বালিকা ভর্ৎসিল তারে গ্রীবাটি নাড়িয়া,
খেলার উৎসাহ তার উঠিল বাড়িয়া ৷
বালিকা মারিল তারে তুলিয়া তর্জনী,
দ্বিগুণ উঠিল মেতে খেলা মনে গণি ৷
তখন হাসিয়া উঠি লয়ে বক্ষ-’পরে
বালিকা ব্যথিল তারে আদরে আদরে ৷ ৷
২৩ চৈত্র ১৩০২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন