রবীন্দ্রনাথ ঠাকুর
আমার যে সব দিতে হবে সে তো আমি জানি ৷
আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী—
আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা,
আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা ৷ ৷
আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয়-পত্রপুটে
গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে ৷
এখন সে যে আমার বীণা, হতেছে তার বাঁধা—
বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা ৷ ৷
তোমারি আনন্দ আমার দুঃখে সুখে ভ’রে
আমার ক’রে নিয়ে তবে নাও যে তোমার ক’রে ৷
আমার ব’লে যা পেয়েছি শুভক্ষণে যবে
তোমার করে দেব তখন তারা আমার হবে ৷ ৷
শান্তিনিকেতন
৭ বৈশাখ ১৩২১
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন