রবীন্দ্রনাথ ঠাকুর
একদিন এই দেখা হয়ে যাবে শেষ,
পড়িবে নয়ন-’পরে অন্তিম নিমেষ ৷
পরদিনে এইমতো পোহাইবে রাত,
জাগ্রত জগৎ-’পরে জাগিবে প্রভাত ৷
কলরবে চলিবেক সংসারের খেলা,
সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে বেলা ৷
সে কথা স্মরণ করি নিখিলের পানে
আমি আজি চেয়ে আছি উৎসুক নয়ানে ৷
যাহা-কিছু হেরি চোখে কিছু তুচ্ছ নয়,
সকলই দুর্লভ ব’লে আজি মনে হয় ৷
দুর্লভ এ ধরণীর লেশতম স্থান,
দুর্লভ এ জগতের ব্যর্থতম প্রাণ ৷
যা পাই নি তাও থাক, যা পেয়েছি তাও—
তুচ্ছ বলে যা চাই নি তাই মোরে দাও ৷ ৷
১৮ চৈত্র ১৩০২
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন